রৌমারী সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য নিহত, আহত ৫ - দিগন্ত জার্নাল

রৌমারী সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য নিহত, আহত ৫

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, (১৫ মে ২০২৫) কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে বজ্রপাতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে সীমান্তে টহলরত অবস্থায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপিতে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

আহতরা হলেন- হাবিলদার মো. জসিম উদ্দিন (৫২), সিপাহি নাদিম মিয়া (২৮), সিপাহি শাহীনুর রহমান শাহীন (২৮), সিপাহি মামুন (২৯) এবং আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)। বিজিবি সূত্রে জানা যায়, রাতে টহলের সময় আকস্মিক বজ্রপাত শুরু হলে ছয়জন সদস্য গুরুতর আহত হন। তাদের মধ্যে রিয়াদ হোসেন ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পরপরই আহতদের রৌমারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই বিজিবি সদস্য শাহীনুর রহমান ও নাদিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি তিনজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নবিউল ইসলাম জানান, বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় এক বিজিবি সদস্যকে মৃত ঘোষণা করা হয় এবং আশঙ্কাজনক দুজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, “সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “আহত সদস্যদের সুচিকিৎসার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। নিহত সদস্যের পরিবারকেও বিজিবির পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।”

বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে সীমানা রক্ষার দায়িত্ব পালনরত সদস্যদের মৃত্যু দুঃখজনক ও বেদনাদায়ক বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।

an adbox will go here