ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচী পালিত
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার, (১৫ মে ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার রহমান সাম্যকে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা ছাত্রদল। নিহত সাম্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত নেত্রকোনা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি তৌফিক খান মিল্কি, সাখাওয়াত হোসেন হাইয়ুল ও শামসুল হুদা শামীম, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলন, সদস্য সচিব কালাম তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকিম বিল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৩ মে (মঙ্গলবার) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে খুন হন ছাত্রদল নেতা শাহরিয়ার রহমান সাম্য। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন বহিরাগতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।
ঘটনাটি নিয়ে সারাদেশে ছাত্রদলের মধ্যে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। নেত্রকোনার অবস্থান কর্মসূচীতেও শাহরিয়ারের নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।