তিন দফা দাবিতে জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশনের ঘোষণা
প্রতিবেদক: ফারজানা রুবি
শুক্রবার , (১৬ মে ২০২৫) তিন দফা দাবি আদায়ে আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর থেকে গণঅনশনে বসার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ‘জবি ঐক্য’ ব্যানারে এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন।
অধ্যাপক রইছ উদ্দীন বলেন, “আমরা সরকারের কাছে আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম, কিন্তু সরকার তা আমলে না নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেছে। ৩৫ ঘণ্টা পার হলেও এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। সরকার পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি।”
তিনি আরও বলেন, “দাবি আদায়ে শিক্ষক-শিক্ষার্থীরা কাল জুম্মার নামাজের পর থেকে গণঅনশনে বসবে। এতে সব সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। সকাল ১০টা থেকে আন্দোলন স্থলে জবিয়ান সমাবেশ শুরু হবে।”
তিনি জানান, যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ কর্তৃক শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ১৪ মে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালো দিবস’ পালন করা হবে।
ড. রইছ উদ্দীন বলেন, “এই রাজপথেই আমরা কাল জুম্মার নামাজ আদায় করব। আমি আবারও আহ্বান জানাই—সব জবিয়ান যেন এই কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখেন।”