এনসিপি'র ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্যসচিব জাহিদুল - দিগন্ত জার্নাল

এনসিপি’র ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্যসচিব জাহিদুল

প্রতিবেদক: ফারজানা রুবি

শুক্রবার, (১৬ মে ২০২৫) তরুণদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা হিসেবে ‘জাতীয় যুবশক্তি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম এবং সদস্যসচিব করা হয়েছে ডা. জাহিদুল ইসলামকে।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত এক আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি নতুন কমিটির নেতৃবৃন্দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ‘জাতীয় যুবশক্তি’র মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। এ সময় তিনি বলেন, তরুণদের শক্তিকে ঐক্যবদ্ধ করে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনাই হবে যুবশক্তির মূল লক্ষ্য।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে নির্মিত বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মঞ্চে ঐ সময়ের বিভিন্ন স্লোগান এবং প্রেরণামূলক গান পরিবেশন করা হয়, যা উপস্থিত তরুণদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে।

নতুন এই সংগঠন তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন ও সক্রিয় করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।

an adbox will go here