জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক প্রীতম সোহাগ জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ১ নির্বাচিত
প্রতিবেদক: ফারজানা রুবি
শুক্রবার, (১৬ মে ২০২৫) জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক প্রীতম সোহাগ জাতীয় যুবশক্তির ১৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক (১) হিসেবে দায়িত্ব পেয়েছেন। গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে আয়োজিত জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
জাতীয় নাগরিক পার্টির নবগঠিত যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে আহ্বায়ক, ডা. জাহেদুল ইসলামকে সদস্য সচিব এবং ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে মুখ্য সংগঠক ঘোষণা করা হয়। একইসঙ্গে তরুণ প্রজন্মের সাহসী কণ্ঠস্বর এবং ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের অগ্রসেনানী প্রীতম সোহাগকে যুগ্ম আহ্বায়ক (১) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যা উপস্থিতদের মাঝে ব্যাপক উৎসাহের জন্ম দেয়।
ঘোষণাপত্রে বলা হয়, জাতীয় যুবশক্তি বিশ্বাস করে—যে কোনো মৌলিক পরিবর্তনের নেতৃত্ব দেয় তরুণরা। তাদের আকাঙ্ক্ষাই জন্ম দেয় নতুন রাষ্ট্রকল্প ও রাজনৈতিক পথচলার। আর সেই ধারাবাহিকতায় প্রীতম সোহাগের মতো নেতৃত্বের সমন্বয়ে যুবশক্তি গড়ে তুলতে চায় একটি দায়, দরদ ও ইনসাফভিত্তিক রাজনৈতিক কাঠামো।
জুলাই বিপ্লবের সময় প্রীতম সোহাগ তার নেতৃত্ব, বুদ্ধিমত্তা ও সাহসী ভূমিকার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণায় পরিণত হন। তিনি কেবল আন্দোলনের মিছিলে নয়, সংগঠন ও কৌশলগত নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জাতীয় যুবশক্তির মতো একটি নবীন শক্তিতে তার সম্পৃক্ততা সংগঠনকে আদর্শিকভাবে দৃঢ় ও কর্মতৎপরতায় গতিশীল করবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
অনুষ্ঠানে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ প্রীতম সোহাগের নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, আগামী দিনের বাংলাদেশ গঠনে তিনি হবেন অন্যতম পথপ্রদর্শক।
জাতীয় যুবশক্তি ঘোষণাপত্রে সামাজিক সুবিচার, রাষ্ট্রীয় স্বচ্ছতা, ধর্মীয় সম্প্রীতি এবং নাগরিক মর্যাদার প্রশ্নে যে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে, তার বাস্তবায়নে প্রীতম সোহাগের মতো সাহসী ও দূরদর্শী নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী হান্নান মাসাউদসহ জাতীয় যুবশক্তির অন্যান্য নেতারা।