লিজার মাদক সেবন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, (১৭ মে ২০২৫)চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পদ থেকে অব্যাহতি এবং মহানগর সংগঠক শাহরিয়ার সিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৭ মে) সংগঠনের মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি আদর্শিক সংগঠনের প্রতিনিধি হিসেবে তার এই আচরণ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ প্রেক্ষিতে তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
অন্যদিকে, ডবলমুরিং থানায় চাঁদাবাজির অভিযোগে আটক হওয়ার ঘটনায় শাহরিয়ার সিকদারকে সংগঠক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে আরেকটি আদেশে জানানো হয়।
এই দুটি ঘটনায় সংগঠনটির অভ্যন্তরে এবং চট্টগ্রামের সামাজিক-ছাত্র মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, মূল্যবোধ ও আদর্শ অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতেও এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।
বৈছাআ সূত্রে আরও জানা গেছে, সংগঠনটি এখন মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের তদারকি জোরদার করছে এবং নতুন মুখপাত্র ও সংগঠক নিয়োগে কার্যক্রম শুরু করেছে।