বাগমারায় তিন কোটি টাকা নিয়ে উধাও এনজিও, সভাপতিসহ অভিযুক্ত ৩ জন - দিগন্ত জার্নাল

বাগমারায় তিন কোটি টাকা নিয়ে উধাও এনজিও, সভাপতিসহ অভিযুক্ত ৩ জন

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, (১৯ মে ২০২৫) রাজশাহীর বাগমারায় গ্রাহকের তিন কোটি টাকা নিয়ে বেসরকারি এনজিও আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও তার দুই ছেলে লাপাত্তা হয়ে গেছেন। এ ঘটনায় রোববার সন্ধ্যায় বাগমারা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন অর্ধশতাধিক ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের তেলিপুকুর গ্রামের বাসিন্দা মাস্টার আক্কাছ আলী শেখ তার দুই ছেলে সম্পাদক রায়হান আলী ও ম্যানেজার রানা আহম্মেদকে নিয়ে সমিতিটি চালু করেন। এরপর শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা আমানত সংগ্রহ করে অফিসে তালা দিয়ে উধাও হয়ে যান তারা। অভিযোগ রয়েছে, আত্মসাৎকৃত অর্থ দিয়ে তারা পাঁচটি ট্রাক ক্রয় করেছেন এবং তেলিপুকুর বাজারে নির্মাণ করেছেন একটি বিলাসবহুল বাড়ি।

ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য দেন কায়েদি আজম। উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিবুর রহমান, মাহাবুর রহমান বাবু, শাহাদৎ হোসেন, মতলেবুর রহমান, মুনসুর রহমান, আব্দুর রাজ্জাক, সেফাতুল্লাহ, মনিরুল ইসলাম, জোসনা বেগমসহ আরও অনেকে। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও অর্থ ফেরতের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

an adbox will go here