আদর্শ রাষ্ট্র গঠনে সালাতের শিক্ষাকে ধারণের আহ্বান জামায়াত আমিরের - দিগন্ত জার্নাল

আদর্শ রাষ্ট্র গঠনে সালাতের শিক্ষাকে ধারণের আহ্বান জামায়াত আমিরের

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, (১৯ মে ২০২৫) সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে প্রাণান্ত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার বাদ আছর রাজধানীর শেওড়াপাড়া কেন্দ্রীয় মসজিদে কাফরুল পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ ও সর্বজনীন জীবনবিধান, তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের অনুশাসন অনুসরণ করা আবশ্যক। সালাত বা নামাজ আল্লাহর বিধান ও রাসুল (স.)-এর শেখানো পদ্ধতি, বিশেষ করে আসরের নামাজকে সালাতুল উসতা হিসেবে যত্নের সঙ্গে আদায় করার নির্দেশ রয়েছে। নামাজ আখেরাতের প্রস্তুতির অন্যতম মাধ্যম এবং হাশরের ময়দানে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলামী অনুশাসন মেনে না চললে বিপর্যয় অনিবার্য। তাই তিনি সবাইকে নামাজের শিক্ষা অনুযায়ী জীবন গঠন করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় তিনি দেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সুধি সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমীর আব্দুল মতিন খান এবং পরিচালনায় ছিলেন সেক্রেটারি আতিক হাসান রায়হান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন শহর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

an adbox will go here