উড্ডয়নরত ইঞ্জিনে আগুন, শাহজালাল বিমানবন্দরে তার্কিস প্লেনের জরুরি অবতরণ
নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, (২০ মে ২০২৫) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়ে প্লেনটির পাইলট নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হন। প্লেনটিতে ২৯০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ৭টা ৮ মিনিটে প্লেনটি উড্ডয়ন করে এবং মাত্র ৫৪ মিনিট পর সকাল ৮টা ২ মিনিটে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, উড্ডয়নের পরপরই একটি ইঞ্জিনে অগ্নিকাণ্ডের সম্ভাব্য আলামত লক্ষ্য করে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্লেনটি নিরাপদে অবতরণ করান।
তিনি আরও জানান, যাত্রীদের সবাই নিরাপদে রয়েছেন এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিমানবন্দরে সতর্কতা অবলম্বন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।