বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টারলিংক - দিগন্ত জার্নাল

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টারলিংক

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার, (২০ মে ২০২৫) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট সেবা চালু করেছে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট কোম্পানি স্টারলিংক। মঙ্গলবার (২০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকেলে স্টারলিংকের পক্ষ থেকে ফোন কলে বিষয়টি তাকে জানানো হয় এবং আজ সকালে প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এর ঘোষণা দেওয়া হয়।

স্টারলিংক প্রাথমিকভাবে ‘রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’ নামে দুটি প্যাকেজ চালু করেছে। এর মধ্যে রেসিডেন্স প্যাকেজের মাসিক খরচ ৬ হাজার টাকা এবং রেসিডেন্স লাইট প্যাকেজের মাসিক খরচ ৪ হাজার ২০০ টাকা। তবে উভয় প্যাকেজেই এককালীন সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা খরচ হবে বলে জানিয়েছেন ফয়েজ আহমদ।

তিনি আরও বলেন, “এই সেবায় কোনো স্পিড বা ডেটা লিমিট নেই। একজন গ্রাহক ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। আজ থেকেই বাংলাদেশের গ্রাহকরা অর্ডার করতে পারবেন।”

প্রধান উপদেষ্টার প্রত্যাশা অনুযায়ী ৯০ দিনের মধ্যে সেবা চালু হওয়ায় এটি একটি সফলতা বলে মন্তব্য করেন ফয়েজ আহমদ। তিনি মনে করেন, খরচ তুলনামূলক বেশি হলেও এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের একটি টেকসই সমাধান।

ফাইবার অপটিক না পৌঁছানো প্রত্যন্ত এলাকায় এই সেবা ব্যবহার করে এনজিও, উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সারাবছর নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

an adbox will go here