মেয়রপদে ইশরাককে বসানোর দাবিতে নগর ভবন ঘেরাও, বন্ধ ডিএসসিসির সব সেবা - দিগন্ত জার্নাল

মেয়রপদে ইশরাককে বসানোর দাবিতে নগর ভবন ঘেরাও, বন্ধ ডিএসসিসির সব সেবা

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার, (২০ মে ২০২৫) বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে আজও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁর সমর্থকেরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে নগর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে সেখানে মঞ্চ স্থাপন করে বিক্ষোভ শুরু হয়। একইসঙ্গে গোলাপ শাহ মাজার মোড়েও সড়কে অবস্থান নেন তাঁরা, ফলে বঙ্গবাজার–গোলাপ শাহ মাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

‘ঢাকাবাসী’ ব্যানারে গত বুধবার থেকে চলা এই আন্দোলনে মঙ্গলবার অংশ নেন দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা ইশরাকপন্থীরা। তাঁরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপসারণ দাবি করে এবং শপথ অনুষ্ঠান নিয়ে আর বিলম্ব না করার আহ্বান জানান। আন্দোলনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ডিএসসিসির কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও সংহতি প্রকাশ করেছেন।

বিক্ষোভকারীদের দাবির মুখে নগর ভবনের সব নাগরিক সেবা—জন্ম ও মৃত্যুনিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, নির্মাণ অনুমোদনসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সেবা নিতে আসা অনেক মানুষ ভোগান্তিতে পড়েছেন। নগর ভবনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা দাপ্তরিক কাজে এলেও ভবনে প্রবেশ করতে পারছেন না।

ইশরাকপন্থীদের অভিযোগ, ইশরাক হোসেনের শপথগ্রহণের বিষয়ে ‘আইনগত জটিলতা’ এবং ‘মন্ত্রণালয়ের মতামত’ ইত্যাদির অজুহাতে দীর্ঘদিন ধরে সময়ক্ষেপণ করা হচ্ছে। তাদের দাবি, আসিফ মাহমুদ সজীব বারবার প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন।

নগর ভবনের সামনে বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত মাইকে স্লোগান দিতে দিতে আন্দোলনকারীরা বলেন, জনগণের ভোটে বিজয়ী প্রার্থীকে মেয়র হিসেবে দায়িত্ব না দেওয়ার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে।

এই প্রেক্ষাপটে এক ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, “সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে, তা ক্লিনকাট (পরিষ্কার) বুঝিয়ে দিল।” তিনি নিরপেক্ষতা বিসর্জন দেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগ দাবি করে বলেন, “মেয়রফেওর কিছু না, উদ্দেশ্য হলো অন্তর্বর্তী সরকারের কিছু লোকের ক্ষমতার লোভ ও সেটিকে চিরস্থায়ী করার কুৎসিত চেহারা উন্মোচন।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ছিলেন ইশরাক হোসেন। ওই নির্বাচনে নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। চলমান আন্দোলন সেই পুরনো ক্ষোভেরও বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

an adbox will go here