ছাত্রদলের কুমিল্লা কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের মশাল মিছিল - দিগন্ত জার্নাল

ছাত্রদলের কুমিল্লা কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের মশাল মিছিল

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার , (২১ মে ২০২৫) কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে তারা নগরীতে মশাল মিছিল বের করে বিক্ষোভ জানায়।

মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আজমির হোসেন শরীফ, দক্ষিণ জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী তোফায়েল আহমেদসহ পদবঞ্চিত নেতারা। তাদের দাবি, সদ্যঘোষিত কমিটিতে প্রকৃত ত্যাগী ও যোগ্য নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৮ সালে দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠিত হয়। পাঁচ বছর পর গত ১৫ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির যথাক্রমে ৬ ও ১৩ সদস্যের দুটি আংশিক কমিটির অনুমোদন দেন। দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি করা হয় কাজী জোবায়ের আলম জিলানীকে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমানকে। অপরদিকে, মহানগর ছাত্রদলের সভাপতি হন নাহিদ রানা এবং সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ প্রিমু।

কমিটির ঘোষণার পরপরই পদবঞ্চিতরা নগরীতে বিক্ষোভ করেন এবং শনিবার সন্ধ্যায় ফের বিক্ষোভ মিছিল করেন। পরে ক্ষুব্ধ নেতাকর্মীরা কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এই ঘটনার পর গত রবিবার (১৮ মে) গভীর রাতে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. মহসিন (৩২), সাধারণ সম্পাদক প্রার্থী সালাহ উদ্দিন রকি (৩০), সোহাগ হোসেন (৩০), সাইফুল ইসলাম (২৫) ও মারুফ আহমেদ (২৪)। তারা সবাই কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের সক্রিয় নেতাকর্মী।

এদিকে মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করে বলেন, যারা জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কোনো মূল্যায়ন করা হয়নি। বরং দলে কোনো অবদান কিংবা পরিচিতি নেই এমন কর্মীদের শীর্ষ পদে বসানো হয়েছে। বিষয়টি ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।

আন্দোলনকারীরা দ্রুত কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের দাবি জানিয়েছেন।

an adbox will go here