কুরআন বিরোধী সুপারিশের প্রতিবাদে মানববন্ধন: কুরআনপ্রেমীদের সোচ্চার অবস্থান
নিজস্ব প্রতিবাদক:
বুধবার, (২১ মে ২০২৫) সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে ইসলাম ও কুরআনবিরোধী কিছু সুপারিশ উত্থাপন করায় দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। বিতর্কিত এসব প্রস্তাবনার মধ্যে রয়েছে—ইসলামী উত্তরাধিকার আইনে নারীর সমান অংশ নির্ধারণের প্রচেষ্টা, বহুবিবাহ নিষিদ্ধ করার আহ্বান, স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ককে ধর্ষণ হিসেবে চিহ্নিত করার সুপারিশ, যৌনপেশাকে শ্রমের মর্যাদা দিয়ে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব, এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে ধর্মীয় মূল্যবোধ বিরোধী ভাষার ব্যবহারকে আইনি বৈধতা দেওয়ার মতো প্রস্তাব। এসব প্রস্তাব ইসলামী মূল্যবোধ ও কুরআনের নির্দেশনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে ধর্মীয় মহল মনে করছে।
এই প্রেক্ষাপটে “কুরআন প্রেমিক তাওহীদি জনতা” এবং “রামপুরা হাতিরঝিল থানা ইমাম, খতিব, ওলামা পরিষদ”-এর যৌথ উদ্যোগে আগামী ২৩ মে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর রামপুরা ব্রিজ থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত বিস্তৃত এলাকায় একটি শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এ মানববন্ধনে ঢাকার বিভিন্ন মাদরাসা, মসজিদ ও ইসলামিক সংগঠনের ওলামা-মাশায়েখ, খতিব এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
মানববন্ধনে সভাপতিত্ব করবেন দেশের প্রখ্যাত আলেম, ইসলামী চিন্তাবিদ ও ‘মাদানী মজলিস বাংলাদেশ’-এর সভাপতি, জামিয়া শারইয়্যাই মালিবাগের ভাইস প্রিন্সিপাল শায়খ মুফতী হাফীজুদ্দীন দা.বা.। তিনি বলেন, “এই মানববন্ধন কুরআননিষ্ঠ চেতনার প্রতি আমাদের প্রতিশ্রুতির শান্তিপূর্ণ প্রকাশ। ইসলামী সমাজব্যবস্থা ও মূল্যবোধকে রক্ষাই আমাদের মূল লক্ষ্য।”
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই মানববন্ধনের মাধ্যমে কুরআন ও সুন্নাহবিরোধী কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণের সোচ্চার অবস্থান স্পষ্ট হয়ে উঠবে এবং সংশ্লিষ্ট মহল ইসলাম ও মুসলিম জনতার বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল অবস্থান গ্রহণ করবে।