ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিটের আদেশ বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক:
বুধবার, (২১ মে ২০২৫) বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার এ বিষয়ে শুনানি হয় এবং পরে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। অন্যদিকে, ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
উল্লেখ্য, ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মো. মামুনুর রশিদ। রিটে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের অনুরোধও করা হয়।
এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন এবং ইশরাক পরাজিত হন। তবে গত ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল বিএনপি প্রার্থী ইশরাককে বৈধ প্রার্থী ঘোষণা করে মেয়র হিসেবে ঘোষণা দেয়। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাককে মেয়র ঘোষণা করে।
এই গেজেট প্রকাশের পর থেকেই শপথ গ্রহণের দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাকপন্থীরা। আজও নগর ভবন ও আশপাশে অবস্থান নিয়েছেন তারা। এর আগে তারা মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।