আজকের মধ্যেই ইশরাককে মেয়রের দায়িত্ব দিতে সরকারের প্রতি আহ্বান সালামের
নিজস্ব প্রতিবেদক:
বুধবার, (২১ মে ২০২৫) বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম বলেছেন, আজকের (বুধবার) মধ্যেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী জোটের আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি। কর্মসূচির মূল দাবি ছিল নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের পদ বুঝিয়ে দেওয়া।
আব্দুস সালাম বলেন, “গত সাত দিন ধরে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। সরকারকে বলতে চাই, আদালত রায় দিয়েছেন, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তবুও ইশরাককে দায়িত্ব না দিয়ে আপনারা কিসের প্রতীক্ষায় আছেন? আজকের মধ্যেই দায়িত্ব বুঝিয়ে দিন।”
তিনি সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচনের প্রাক্কালে অস্থিতিশীলতা কেউ চায় না। আমরা চাই না সরকার ব্যর্থ হোক। কিন্তু যদি জনগণের রায় ও বিচারালয়ের আদেশকে অমান্য করে চলেন, তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব।”
চট্টগ্রাম বন্দরের ইজারা এবং রোহিঙ্গা মানবিক করিডোর প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, “চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে, যা জাতির সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর স্থাপন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা এ ধরনের উদ্যোগের তীব্র বিরোধিতা করব।”
তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, “আপনি কি শেখ হাসিনার অসমাপ্ত কাজ শেষ করতে এসেছেন? ৯ মাসে কিছুই হলো না। আপনি বলছেন জাতীয় ঐকমত্য হয়নি—এটা কোনোদিনও হবে না। যেগুলোতে ঐকমত্য হয়েছে, তা দিয়েই নির্বাচন দিন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেশাজীবী জোটের সমন্বয়ক, খোলাবাজার সম্পাদক ও গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম। সঞ্চালনা করেন লেখক ও গবেষক, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু প্রমুখ।