১ জুলাই থেকে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বাতিল হচ্ছে বিশেষ প্রণোদনা - দিগন্ত জার্নাল

১ জুলাই থেকে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বাতিল হচ্ছে বিশেষ প্রণোদনা

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার , (২২ মে ২০২৫) অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত মহার্ঘ ভাতা চালু হচ্ছে। আগামী ১ জুলাই থেকে এ ভাতা কার্যকর হবে বলে নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়। তবে এর সঙ্গে ২০২৩-২৪ অর্থবছরে চালু হওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।

চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন মূল বেতনের ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মীরা পাবেন ২০ শতাংশ হারে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ হার চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও।

সরকারি চাকরিজীবীরা ২০১৫ সাল থেকে প্রতি বছর ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট পাচ্ছেন। তবে ২০২৩ সালের জুলাই মাসে জাতীয় সংসদ নির্বাচনের আগে অতিরিক্ত ৫ শতাংশ হারে বিশেষ প্রণোদনা চালু করে সরকার, যা এখনও বহাল রয়েছে। তবে আগামী জুলাই থেকে এই বিশেষ প্রণোদনা বাতিল করে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। অর্থাৎ, চাকরিজীবীরা বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে সঙ্গে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা। বর্তমানে চলতি অর্থবছরের বাজেটে বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮২ হাজার ৯৯০ কোটি টাকা, যা মোট বাজেটের ১০ দশমিক ৪১ শতাংশ।

প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিক পদোন্নতি দেওয়া হলেও বৈষম্যের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক কর্মকর্তা পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, আগের সরকারের সময় অবসরপ্রাপ্ত ও পদোন্নতিবঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে ৭৫ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় বলছে, মহার্ঘ ভাতা চালুর মাধ্যমে সরকার কর্মচারীদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত করতে চায়, যদিও এর সঙ্গে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাবও বিবেচনায় রয়েছে।

an adbox will go here