মালয়েশিয়ায় নিহত চঞ্চলের লাশ ২১ দিন পর দাফ
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার , (২২ মে ২০২৫) মালয়েশিয়ায় ভেকুর ধাক্কায় নিহত বাংলাদেশি যুবক শাহ আলম চঞ্চলের লাশ ২১ দিন পর নিজ গ্রামে দাফন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজশাহীর বাঘা উপজেলার মহদিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
২৫ বছর বয়সী চঞ্চল জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে একটি কোম্পানিতে ভেকু মেশিন চালকের সহকারী হিসেবে কাজ করতেন। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে তিনি দেশে ঋণ করে বিদেশে গিয়েছিলেন এবং কঠোর পরিশ্রমে সেই ঋণ শোধও করেন। পরিবারে নতুন আশার আলো দেখা দিলেও মাত্র একটি দুর্ঘটনায় সব কিছু স্তব্ধ হয়ে যায়। ৩০ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় ভেকুর ধাক্কায় তিনি প্রাণ হারান।
নিহত চঞ্চল মহদিপুর গ্রামের রফিকুল ইসলাম জফিরের ছেলে। তার বাবা একজন ভ্রাম্যমান সবজি বিক্রেতা। ছেলের এমন মৃত্যুতে মা সাথী বেগম বাকরুদ্ধ হয়ে পড়েছেন। চাচাতো ভাই ফয়সাল আহম্মেদ জানান, মঙ্গলবার ভোরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো জটিলতা ছাড়াই লাশ গ্রহণ করেন তারা।
চঞ্চলের বাবা বলেন, “মৃত্যুর আগের দিন রাতেও ছেলের সঙ্গে কথা হয়েছিল। সে তখন সবার কাছে দোয়া চেয়েছিল। কে জানতো সেটাই হবে শেষ কথা। ২১ দিন পর এসে ছেলের জানাজা ও দাফন করতে হলো।”
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। প্রবাসীদের জীবনের ঝুঁকি এবং পরিবারের স্বপ্নভঙ্গের এ ঘটনা স্থানীয়দের মাঝে গভীর বিষাদের সৃষ্টি করেছে।