স্মার্টকার্ড নিতে এসে স্বর্ণালংকার খোয়ালেন নারীরা, নারী চোর আটক - দিগন্ত জার্নাল

স্মার্টকার্ড নিতে এসে স্বর্ণালংকার খোয়ালেন নারীরা, নারী চোর আটক

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার , (২২ মে ২০২৫) টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলাকালে নারী নাগরিকদের স্বর্ণালংকার চুরির হিড়িক পড়েছে। চুরির ঘটনায় মরিয়ম (৩৫) নামে এক নারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। আটককৃত মরিয়ম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডল গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা মাদ্রাসা মাঠে। মঙ্গলবার থেকে শুরু হওয়া স্মার্টকার্ড বিতরণের দ্বিতীয় দিনেই একাধিক নারী তাঁদের স্বর্ণালংকার হারানোর অভিযোগ করেন। এ ঘটনায় শিরিন নামের এক নারী বাদী হয়ে মরিয়মসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় প্রায় পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ করা হয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে তাহমিনা, রাশিদা, রমিছা, আশা, মনিরা ও কমলা রাণীসহ ৭-৮ জন নারীর অলংকার।

মহিষমারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুসলিম উদ্দিন জানান, স্মার্টকার্ড বিতরণের সময় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাহমিনা আক্তারের চেইন খোয়া গেলে তীব্র হৈ চৈ শুরু হয়। সেখান থেকেই সন্দেহের তীর যায় অপরিচিত এক নারীর দিকে। পরে মরিয়মকে ঘিরে অনুসন্ধান চালিয়ে তাকে আটক করা হয়। স্থানীয় নারীরা উত্তেজিত হয়ে তাকে উত্তম-মধ্যম দিলে মরিয়ম প্রাথমিক জবানবন্দিতে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সহকারী উপজেলা নির্বাচন অফিসার তারিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাতীয় পরিচয়পত্র ফেরত নেওয়ার সময় মরিয়ম অসংলগ্ন আচরণ করলে সন্দেহ সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থানে স্মার্টকার্ড বিতরণের সময় এমন চুরির ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বলেন, মরিয়ম এর আগেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে প্রমাণ মিলেছে। তার সঙ্গে থাকা চাচাতো বোন ফামলিা ওরফে রুনা এবং সালমারা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

an adbox will go here