“ড. ইউনূসের পদত্যাগের প্রশ্নই আসে না”— প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী - দিগন্ত জার্নাল

“ড. ইউনূসের পদত্যাগের প্রশ্নই আসে না”— প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

দিগন্ত জার্নাল ডেস্ক:

শুক্রবার, (২৩ মে ২০২৫) গত কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের অবসান ঘটিয়ে শুক্রবার নিজের ফেসবুক পেইজে সরাসরি অবস্থান ব্যাখ্যা করেছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি লিখেছেন, “অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস এর ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যার এর দরকার আছে।”

ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, “প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। বরং এখন সরকারের আরও ফাংশনাল, উপদেষ্টাদের আরও সক্রিয়, এবং জনতার সামনে দৃশ্যমান অগ্রগতির প্রয়োজন রয়েছে।” তিনি মনে করেন, গণ–অভ্যুত্থানের পর জনগণের সম্মতিতে ক্ষমতায় আসা ইউনূস সরকারকে অবশ্যই সফলতার প্রমাণ দিতে হবে, যাতে বিশ্ব সম্প্রদায়ের কাছে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে।

ফয়েজ আহমদ তৈয়্যব রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা ও মতবিনিময়ের ওপর জোর দেন। বলেন, “কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। সরকারকে আরও নিবিড়ভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে হবে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত গ্রহণ করতে হবে।”

পোস্টে সেনাবাহিনী প্রসঙ্গেও বক্তব্য দেন ফয়েজ। তিনি বলেন, “সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। তবে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ চলবে না। সেনাপ্রধানের সাম্প্রতিক ‘ডিসেম্বরে নির্বাচন’ বক্তব্য জুরিশডিকশনাল কারেক্টনেস রক্ষা করেনি।”

তিনি আরও লেখেন, “ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়া যাবে না।” তার ভাষ্য অনুযায়ী, দেশের প্রয়োজন রাজনৈতিক ঐক্য এবং দায়িত্বশীল ও প্রগতিশীল নেতৃত্ব।

নির্বাচন প্রসঙ্গে ফয়েজ আহমদ আশা প্রকাশ করেন, এপ্রিল-মে ২০২৬ সালের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে প্রয়োজনীয় সব সংস্কার সম্পন্ন করতে হবে এবং আলোচিত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, “জুলাই-আগস্ট ২০২৫ নাগাদ আমরা জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর পূর্তির জাতীয় উদযাপন করব এবং একই সময়ের মধ্যে ‘স্বৈরাচারী খুনি হাসিনার’ বিচারের প্রথম রায় আলোর মুখ দেখবে বলেও আশা করছি।”

শেষে তিনি লেখেন—“ইনশাআল্লাহ আমরা হারবো না, আমাদের হারানো যাবে না। ইনকিলাব জিন্দাবাদ। প্রফেসর ইউনূস জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।”

প্রসঙ্গত, গত দুইদিন ধরে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছিল। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অধ্যাপক ইউনূসের হতাশা ও ক্ষোভ প্রকাশের বিষয়টি সামনে আসে। তবে আজকের পোস্টে প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ এই সহকারী পদত্যাগের গুঞ্জন স্পষ্টভাবে নাকচ করেছেন।

an adbox will go here