আপনি ব্যক্তি ইউনূস নন বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস—জয়নুল আবদিন ফারুক - দিগন্ত জার্নাল

আপনি ব্যক্তি ইউনূস নন বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস—জয়নুল আবদিন ফারুক

দিগন্ত জার্নাল ডেস্ক:

শুক্রবার, (২৩ মে ২০২৫) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস। আমরা আপনাদের পদত্যাগ চাই না।” শুক্রবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক এক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

ড. ইউনূসের নেতৃত্ব ও অবদানের প্রতি আস্থা প্রকাশ করে ফারুক বলেন, “আপনার মতো সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদের গর্বিত করেছেন, আপনি নোবেলজয়ী। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি। পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না, এনসিপি নেতাকে আপনি বলেছেন, ‘আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই’। এতে আমার মন খারাপ হয়েছে।”

তিনি আরও বলেন, “আপনাকে কেন বসিয়েছিলাম, ৯ মাসে আপনি সেই পথে কতদূর এগোতে পেরেছেন, তা জানতে চাই। আজ পর্যন্ত কোনো রোডম্যাপ নেই, নির্বাচন কবে হবে তার নিশ্চয়তা নেই। এজন্য বিএনপি বাধ্য হয়ে বলেছে, আপনাদের তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।”

চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়ে ফারুক বলেন, “দেশে একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার হোতা কারা? নির্বাচনে বিলম্বের পেছনে কারা? অধ্যাপক ইউনূসের মতো একজন মহান ব্যক্তির কাছেই আমরা এই প্রশ্নগুলো রেখেছিলাম। যদি সময়মতো রোডম্যাপ দেওয়া হতো, তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, মামলা খেয়েছি, কারাভোগ করেছি— তারাও আপনাদের সঙ্গে বসতে পারতেন। কিন্তু এখনো তফসিল নেই, নেই কোনো স্বচ্ছ পরিকল্পনা।”

তিনি দাবি করেন, “জুলাই বিপ্লবের পরে গত রাতটি ছিল সবচেয়ে কঠিন। তাই যদি এই অস্থিরতার দায় আপনাদের কিছুটা থেকেও থাকে, তাহলে বিএনপি তা কখনোই মেনে নেবে না।”

an adbox will go here