মান-অভিমান ভুলে দায়িত্ব পালনের আহ্বান মাওলানা মামুনুল হকের
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, (২৩ মে ২০২৫) মান-অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখার আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মামুনুল হক বলেন, “শহিদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এরই মধ্যে ফ্যাসিস্টরা নানা রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাই জুলাইয়ের চেতনা শানিত করে সব অংশীজনকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি সংবিধান ও রাজনৈতিক সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান এবং বলেন, “তার আগে খুনি হাসিনা ও তার দোসরদের বিচার দৃশ্যমান করা প্রয়োজন।”
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা ও হেফাজতসহ সবাইকে মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মামুনুল বলেন, “ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে। মব সৃষ্টি করে দাবি আদায়ের কালচার চলতে থাকলে দেশ গড়া সম্ভব নয়।”
নারীর মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, “ইসলাম নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। হেফাজতে ইসলাম নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারকে আহ্বান জানায়। সরকার ব্যর্থ হলে আমরা ঘরে ঘরে গিয়ে সেই অধিকার আদায়ে কাজ করবো।” তিনি নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত ‘বহুত্ববাদী মতবাদ’ বাতিলের দাবি জানান এবং বিশ্বাস প্রকাশ করেন যে সরকার এই কুপ্রস্তাবে রাজি হবে না।
শাপলা গণহত্যার বিচারের জন্য কমিশন গঠনেরও দাবি জানান মামুনুল হক।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে বিজয়নগরের পানির ট্যাঙ্কির মোড়ে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক হেফাজত নেতাকর্মী অংশ নেন।