পদত্যাগ নয়, আলোচনার মাধ্যমে সমঝোতায় আসুন – এবি পার্টির আহ্বান - দিগন্ত জার্নাল

পদত্যাগ নয়, আলোচনার মাধ্যমে সমঝোতায় আসুন – এবি পার্টির আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার, (২৩ মে ২০২৫) রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতি নিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর বিজয়নগর দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই আহ্বান জানান।

মঞ্জু বলেন, “ড. ইউনূসের পদত্যাগের আগ্রহ প্রকাশের পর যে উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তা দেশের জন্য ক্ষতিকর হবে। সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সম্পর্কের অবনতির মধ্যে নির্বাচন বিষয়ে একটি সুস্পষ্ট সিদ্ধান্ত আসা প্রয়োজন।” তিনি আলাপ-আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করে বলেন, “পদত্যাগ নয়, বরং সব পক্ষকে একসাথে বসে সমঝোতায় পৌঁছাতে হবে।”

মঞ্জু আরও বলেন, গত কয়েক মাস ধরে দেশের পরিস্থিতি জটিল হতে শুরু করেছে এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে অস্পষ্টতা লক্ষণীয় হয়ে উঠেছে। সরকার ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব, বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য, এবং সেনাপ্রধানের বক্তব্যে সরকারের সঙ্গে মতবিরোধের বিষয়গুলো জাতির কাছে ভুল বার্তা পৌঁছে দিয়েছে। এসব কারণে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটি সুস্পষ্ট, সমন্বিত অবস্থান দরকার।

সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, “দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে তাড়াতাড়ি সকল রাজনৈতিক পক্ষের সাথে আলোচনা শুরু করতে হবে এবং সমঝোতার মাধ্যমে সংকটের সমাধান করতে হবে।”

এছাড়া, সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র নেতারা, যাদের মধ্যে ছিলেন ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, সহসাংগঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী, নারী উন্নয়ন বিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

an adbox will go here