সংকট সমাধানে ‘জুলাই ঐক্য’ই একমাত্র পথ: বিশিষ্টজনদের মত
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, (২৪ মে ২০২৫) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগ চিন্তা’ বর্তমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। তারা বলেন, দেশের স্বার্থে দ্রুত এই সংকটের সম্মানজনক ও স্থিতিশীল সমাধান প্রয়োজন, নতুবা রাজনৈতিক পরিস্থিতি ফ্যাসিবাদী উত্থানের দিকে মোড় নিতে পারে।
গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বিশ্লেষকরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের সময় জনগণ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ও কিছু উপদেষ্টার পক্ষপাতমূলক ভূমিকা সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ বলেন, “এই মুহূর্তে যদি ড. ইউনূস পদত্যাগ করেন, তাহলে তা দেশের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবে। আমাদের অভ্যন্তরীণ ঐক্যের ঘাটতির সুযোগ নিচ্ছে ভারতীয় আধিপত্যবাদ।” তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই সুযোগে দেশ আবার ফ্যাসিস্ট শক্তির হাতে চলে যেতে পারে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, “বর্তমানে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। প্রধান উপদেষ্টা ইউনূসের পদত্যাগ ঘটলে তা একটি বৃহৎ ছন্দপতনের কারণ হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকেও তার মাশুল দিতে হবে।” তিনি সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশ্লেষকরা বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু ‘নিরপেক্ষ’ উপদেষ্টা অতীতে ফ্যাসিস্ট সরকারের সময় চুপ থেকেছেন বা পরোক্ষভাবে তাদের সহযোগিতা করেছেন। এমন ব্যক্তিদের দিয়ে সংস্কার বা গণহত্যার বিচার সম্ভব নয়। ফলে সরকারের ওপর রাজনৈতিক দলগুলোর সন্দেহ ও অনাস্থা বাড়ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়হীনভাবে চলছে। কোনো কোনো উপদেষ্টার আচরণ দেখে মনে হয়, তারা একটি নিয়মিত সরকারের প্রতিনিধি। অথচ এই সরকার একটি আন্দোলনের ফসল।” তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ব্যক্তিদের সরকারে অন্তর্ভুক্ত না করলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।
বিশ্লেষকদের অভিমত, নির্বাচনের রোডম্যাপ, জুলাই গণহত্যার বিচার এবং মৌলিক সংস্কার—এই তিনটি ইস্যুতে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে। পাশাপাশি, রাজনৈতিক দলগুলোও সরকার পতনের রাজনীতির বাইরে এসে জনগণের স্বপ্ন পূরণের দিকে মনোযোগী হতে হবে।
সবচেয়ে বড় কথা, সংকট নিরসনের একমাত্র সমাধান হতে পারে ফ্যাসিবাদবিরোধী ‘জুলাই ঐক্য’-এর সুসংগঠিত ও কার্যকর পুনর্গঠন। এই ঐক্যের মাধ্যমেই জাতিকে বর্তমান সংকট থেকে মুক্ত করা সম্ভব—এমনটাই মনে করেন দেশের বিশিষ্টজন ও বিশ্লেষকরা।