ড. ইউনূস পদত্যাগ করলে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
শনিবার, (২৪ মে ২০২৫) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকারের এই শীর্ষ পদে থাকা বিশিষ্ট অর্থনীতিবিদের হঠাৎ হতাশা ও সরে দাঁড়ানোর ভাবনা নানা মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, তিনি সরে গেলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।
অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ একে ‘ভয়ংকর বিপর্যয়’ আখ্যা দিয়ে বলেন, ‘‘এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদত্যাগ দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। রাজনৈতিক নেতৃত্বের অভাব এবং কাঠামোগত দুর্বলতার কারণে দেশ এমন সঙ্কট থেকে ঘুরে দাঁড়াতে পারবে না।’’ তিনি আরও বলেন, ‘‘এই অনৈক্যের পেছনে ভারতের আধিপত্যবাদ কাজ করছে। তারা চায় দেশে বিশৃঙ্খলা তৈরি করে আবারও পতিত ফ্যাসিবাদীদের ক্ষমতায় আনতে।’’
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘‘ড. ইউনূস পদত্যাগ করলে দেশের রাজনীতি বড় ধাক্কা খাবে। দেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে, এমনকি আমাদের পরবর্তী প্রজন্মকেও এর খেসারত দিতে হবে।’’ তিনি পরিস্থিতি মোকাবেলায় জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘‘সরকারের কিছু উপদেষ্টার আচরণ দেখে মনে হচ্ছে, তারা নিয়মিত সরকার হিসেবে চলতে চাইছেন। তারা ভুলে যাচ্ছেন, এ সরকার গণ-আন্দোলনের ফসল। অথচ নির্বাচনী রোডম্যাপ, গণহত্যার বিচার, কাঠামোগত সংস্কার—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ভূমিকা এখনও অস্পষ্ট।’’
তিনি আরও বলেন, ‘‘যেসব উপদেষ্টা অতীতে ফ্যাসিস্ট শাসনের সময়ে চুপ ছিলেন, তাঁদের দিয়ে বর্তমান সরকার ফ্যাসিবাদবিরোধী অবস্থান নিতে পারবে না।’’ তাঁর মতে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া এবং সরকারের ক্ষমতার কাঠামোয় পরিবর্তন এনে পরীক্ষিত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া এখন সময়ের দাবি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গণ-অভ্যুত্থানের মাধ্যমে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যা সব রাজনৈতিক দল এবং ছাত্র নেতৃত্বের সমর্থন পেয়েছিল। কিন্তু করিডর ইস্যু, বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া এবং কিছু উপদেষ্টার কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে হতাশা তৈরি হয়েছে। ফলে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে যা ড. ইউনূসের পদত্যাগের আলোচনা আরও জোরালো করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সংলাপ, সমঝোতা ও দায়বদ্ধ নেতৃত্বই পারে দেশকে সঙ্কটের মুখ থেকে রক্ষা করতে। না হলে সাম্প্রতিক উত্তেজনা আরও বড় অস্থিরতায় রূপ নিতে পারে।