ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম
শনিবার, ২৪ মে ২০২৫ | এনসিপির সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো ধরনের সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
নাহিদ ইসলাম বলেন, “তারা গণঅভ্যুত্থানের সময় প্রতিনিধিত্ব করতে সরকারের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমিও তখন তাদের সঙ্গে ছিলাম। তবে এখন যদি তারা রাজনীতি করতে বা নির্বাচন করতে চান, তাহলে সেটা সরকারের অংশ হিসেবে নয়, বরং বের হয়ে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে হবে।”
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এক-এগারোর মতো একটি পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশের জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থানে অংশ নিয়েছিল, তা ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।” তিনি আরও বলেন, “নির্বাচন, সংস্কার, বিচারসহ সকল বিষয়ে আজ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।”
‘করিডোর’ ইস্যুতে আখতার হোসেন বলেন, “সরকারের কাছ থেকে আমরা দুই ধরনের বক্তব্য পেয়েছি। পরে যদিও তারা বলেছে এটি ত্রাণের জন্য, তবুও আমরা মনে করি, এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা উচিত।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।