উপদেষ্টার সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক করার সিদ্ধান্ত
শনিবার, ২৪ মে ২০২৫ | দুদকের পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি। শনিবার (২৪ মে) দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুদক জানায়, এপিএস থাকাকালীন মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার কারসাজিসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত অব্যাহত রাখতে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে একটি দল মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে মোয়াজ্জেম হোসেন দাবি করেন, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। ছাত্রদের টার্গেট করে একটি পক্ষ মিথ্যা ছড়াচ্ছে।” তিনি আরও জানান, বিসিএস ভাইভার প্রস্তুতির জন্য তিনি ২৫ মার্চ পদত্যাগপত্র দেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছু ভুল থাকলেও দুর্নীতির অভিযোগ এসেছে পদত্যাগের পর।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নিজেই গণমাধ্যমকে জানান, মোয়াজ্জেমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিনি দুদকে অনুরোধ জানিয়েছেন।