রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা ঘিরে জল্পনা - দিগন্ত জার্নাল

রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা ঘিরে জল্পনা

শনিবার, ২৪ মে ২০২৫ | রাজনৈতিক অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক:

চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আজ রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শনিবার (২৫ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এই বৈঠক শুরু হয়। এর আগে সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সভাসূত্রে জানা গেছে, এই বৈঠকে উপদেষ্টাদের বাইরে কাউকে অংশ নিতে দেওয়া হয়নি। একনেক সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিবসহ সরকারি কর্মকর্তাদের এনইসি সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।

রাজনৈতিক অস্থিরতা, বিরোধী দলগুলোর আন্দোলন, চলমান অবরোধ-সংস্কার ইস্যুতে ঐকমত্যের অভাব এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিভিন্ন পক্ষের অসহযোগিতা—এসব পরিস্থিতিকে কেন্দ্র করে এই বৈঠককে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সূত্র জানায়, বিকেলে প্রধান উপদেষ্টার বিএনপি-জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় অধ্যাপক ইউনূস তার পদত্যাগের ভাবনার কথা প্রকাশ করেন। তিনি বিভিন্ন উদ্যোগে প্রতিবন্ধকতা, রাজনৈতিক পক্ষগুলোর অনৈক্য এবং রাষ্ট্র পরিচালনায় জটিলতা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

তার পদত্যাগের আভাস সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা ও উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এই বৈঠক ও পরবর্তী সিদ্ধান্তগুলো হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

an adbox will go here