নির্বাচনের সময়সূচি নিয়ে জাতি হতাশ : মির্জা ফখরুল - দিগন্ত জার্নাল

নির্বাচনের সময়সূচি নিয়ে জাতি হতাশ : মির্জা ফখরুল

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার , (৭ জুন ২০২৫) আগামী ২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় নির্বাচন আয়োজনের যে ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস—তা জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে শুক্রবার (৬ জুন) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমরা সবসময় বলে এসেছি—দ্রুত নির্বাচন চাই। এটাই আশা করেছিলাম যে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু আজ (শুক্রবার) তিনি (প্রধান উপদেষ্টা) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ছাব্বিশ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের কথা বলেছেন। নিঃসন্দেহে এতে শুধু আমরা নই, গোটা জাতি হতাশ হয়েছে।”

এর আগে রাত ১টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম। গত ১৩ মে চিকিৎসকদের পরামর্শে বাঁ চোখের অস্ত্রোপচারের জন্য ব্যাংককে গিয়েছিলেন তিনি এবং ১৫ মে ওই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

প্রধান উপদেষ্টার ভাষণের পর শুক্রবার রাতেই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপির অনড় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

an adbox will go here