ঢাকায় ১২ ঘণ্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
শনিবার, (৭ জুন ২০২৫) ঢাকায় কুরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণরূপে অপসারণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার রাজধানীর কলাবাগানে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন শেষে তিনি বলেন, “কুরবানির পরে বর্জ্য অপসারণ করাটা একটা চ্যালেঞ্জ। তবে আমরা প্রস্তুত। ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার করা হবে, যাতে ঈদের আনন্দ ব্যাহত না হয়। রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ শেষ করা হবে।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছে। কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।
ডিএসসিসির বর্জ্য অপসারণ কার্যক্রমে ১০ হাজারেরও বেশি জনবল মাঠে কাজ করছে। ব্যবহৃত হচ্ছে ২০৭টি ডাম্প ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কন্টেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডারসহ মোট ২ হাজার ৭৯টি যানবাহন।
পুরো কার্যক্রম তদারকির জন্য ডিএসসিসির জরুরি পরিচালন কেন্দ্রে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে, যেখান থেকে সার্বক্ষণিক নজরদারি চলছে।