বৃষ্টিতে ভিজে কোরবানির গোশত পৌঁছে দিচ্ছেন হাসনাত নিজেই
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, (৭ জুন ২০২৫) বৃষ্টির তোয়াক্কা না করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজ হাতে কোরবানির গোশত পৌঁছে দিচ্ছেন জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের দোরগোড়ায়।
শনিবার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, দেবিদ্বার উপজেলার ১৪ জন শহীদ ও ৬০ জন আহত ব্যক্তির পরিবারের জন্য এনসিপির পক্ষ থেকে চারটি গরু কোরবানি করা হয়েছে। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে সেই কোরবানির গোশত নিজে ভিজে ভিজে পৌঁছে দিচ্ছেন তিনি।
ফেসবুক পোস্টে হাসনাত লেখেন,
“জাতীয় নাগরিক পার্টি (NCP), দেবিদ্বার — আমরা আমাদের জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ এবং ৬০ জন আহত ভাইবোনের পরিবারের সঙ্গে কোরবানির আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। যে আদর্শে শহীদরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন, তা যেন আমরা সর্বদা হৃদয়ে ধারণ করি।”
স্থানীয়রা বলছেন, ঈদের দিন নিজের স্বাচ্ছন্দ্য বা অবস্থান ভুলে শহীদ পরিবারগুলোর প্রতি যে মমতা ও শ্রদ্ধাবোধ নিয়ে তিনি মাঠে ছিলেন, তা সত্যিই অনুকরণীয়। বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই শহীদদের পরিবারের বাড়ি বাড়ি কোরবানির গোশত পৌঁছে দেওয়ার এই মানবিক কর্মসূচিকে অনেকেই কুর্নিশ জানিয়েছেন।