১০ মাসের চ্যালেঞ্জ: এপ্রিলে নির্বাচন নিয়ে যা বলছে ইসি - দিগন্ত জার্নাল

১০ মাসের চ্যালেঞ্জ: এপ্রিলে নির্বাচন নিয়ে যা বলছে ইসি

নিজস্ব প্রতিবেদক:

রোববার, ৮ (জুন ২০২৫) ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো একটি দিনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার এই ঘোষণার পর নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়।

নির্বাচন কমিশন (ইসি) অতীতে সাধারণত নির্বাচন আয়োজনের অন্তত দেড় বছর আগে রোডম্যাপ প্রকাশ করলেও এবার সময়সীমা কম, মাত্র ১০ মাস। তবে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যেই তারা জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। তিনি বলেন, “নির্বাচন কমিশন একটি বাস্তবায়নকারী সংস্থা, কাজেই তাকে তো প্রস্তুতি নিতেই হবে।”

এদিকে, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তারা ব্যালট বাক্স, কালি, স্টাম্প প্যাডসহ বিভিন্ন নির্বাচনি সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটার তালিকা হালনাগাদ এবং রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে।

নির্বাচন বিশেষজ্ঞরা মনে করেন, এই সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্ভব হলেও, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল নিবন্ধন এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো কাজগুলো কিছুটা সময়সাপেক্ষ। তবে তারা বিশ্বাস করেন, প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পর নির্বাচন আয়োজনে ইসি সফল হতে পারবে।

বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সংলাপের কাজ এরই মধ্যে শুরু হয়েছে এবং বিশেষজ্ঞরা মনে করেন, আলাদা করে সংলাপ না করলেও নির্বাচনের রোডম্যাপ কার্যকর করা সম্ভব। তবে নির্বাচন কমিশনকে খুব অ্যাকশন ওরিয়েন্টেড থাকতে হবে বলে মনে করছেন তারা।

এছাড়া, নির্বাচন কমিশনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

an adbox will go here