সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার, (৯ জুন ২০২৫) সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্তে দোষ প্রমাণিত হয়, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, “কেউ নির্দোষ হলে কেন সাজা দেব?”
সোমবার (৯ জুন) ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “অনেকে বলেছেন, কিছু কিছু মামলার তদন্ত হয়নি। কিন্তু যারা দোষী, তাদের আইনের আওতায় আনা হয়েছে।” তিনি আরও বলেন, ফৌজদারি মামলার তদন্তে দোষী বা অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হবে না।
জাহাঙ্গীর আলম চৌধুরী ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ঈদের সময় বড় ধরনের কোনো অঘটন ঘটেনি, কিছু দুর্ঘটনা এবং চুরি-চামারি হয়েছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো ছিল।