হংকংয়ের কাছে ভারতের হারে বাঁচল বাংলাদেশের আশা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৫
এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ। তবে একই দিনে হংকংয়ের কাছে ভারতের ১-০ গোলে পরাজয় কিছুটা স্বস্তির বাতাস এনে দেয় বাংলাদেশের শিবিরে।
হংকংয়ে অনুষ্ঠিত ম্যাচে যোগ করা সময়ে পেনাল্টি থেকে স্তেফান পেরেইরার করা একমাত্র গোলে জয় পায় স্বাগতিকরা। ম্যাচে প্রথমার্ধে ভারত গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিং ব্যর্থতায় এগিয়ে যেতে পারেনি। দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ সুনীল ছেত্রী নামলেও ম্যাচের ফল বদলায়নি। এই হারে গ্রুপ ‘সি’-তে পয়েন্ট তালিকায় রদবদল ঘটে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর, সমান পয়েন্টে গোল ব্যবধানে দুইয়ে হংকং। এক পয়েন্ট নিয়ে তিন নম্বরে বাংলাদেশ, আর গোল ব্যবধানে পিছিয়ে চারে ভারত।
ম্যাচ শুরুর আগে ভারতীয় ফুটবল ফেডারেশন জয়বোনাস হিসেবে খেলোয়াড়দের ৪২ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিলেও তা মাঠে কাজে আসেনি।
বাংলাদেশের পরবর্তী লক্ষ্য অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ, যেখানে জয়ের বিকল্প নেই বাছাইপর্বে এগিয়ে যেতে হলে।