প্রধান উপদেষ্টা-তারেক বৈঠকের পর রাজনীতিতে স্বস্তি ফিরেছে: সৈয়দা রিজওয়ানা - দিগন্ত জার্নাল

প্রধান উপদেষ্টা-তারেক বৈঠকের পর রাজনীতিতে স্বস্তি ফিরেছে: সৈয়দা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক:

রোববার, (১৫ জুন ২০২৫) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর দেশের রাজনীতিতে একটি স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ জুন) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি অনুষ্ঠিত ঐ বৈঠক প্রসঙ্গে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে। রাজনৈতিক দলগুলোর যদি কোনো কথা থাকে, সেটা ওনারা প্রধান উপদেষ্টার সঙ্গেই নিশ্চয়ই বলবেন।”

নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির পূর্ববর্তী টানাপোড়েন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আসলে তেমন কিছু ছিল বলেই তো মনে করি না। প্রক্রিয়াটা এমন—আপনি রাজনীতি বলেন, নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, বা সংস্কারই বলেন—প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে। তাই সংলাপটা হচ্ছে, এটাকেই একটা সুসংবাদ মনে করি।”

উল্লেখ্য, সম্প্রতি লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে রাজনৈতিক আলোচনার বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই আলোচনাকে ঘিরে স্বস্তির বার্তা আসায় অনেকেই আশা করছেন, রাজনৈতিক সমঝোতার নতুন দ্বার খুলে যেতে পারে।

an adbox will go here