স্বীকার করছি আমি ডামি নির্বাচন করেছি: আদালতে হাবিবুল আউয়াল - দিগন্ত জার্নাল

স্বীকার করছি আমি ডামি নির্বাচন করেছি: আদালতে হাবিবুল আউয়াল

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার, (২৬ জুন ২০২৫) রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনপ্রক্রিয়ায় অন্যায় হস্তক্ষেপের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আদালতে স্বীকার করেছেন যে তিনি “ডামি নির্বাচন” পরিচালনা করেছেন। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে এ কথা বলেন তিনি।

বেলা ১টা ২৫ মিনিটে তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয় এবং বিচারক ১টা ৩০ মিনিটে এজলাসে আসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবীরাও বক্তব্য দেন।

আদালত বলেন, “আপনার কাছে জাতির অনেক প্রত্যাশা ছিল। কিন্তু বিতর্কমুক্ত নির্বাচন করতে পারেননি।” উত্তরে হাবিবুল আউয়াল বলেন, “স্বীকার করছি, আমি ডামি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে। তবে অর্থ আত্মসাৎ বা দুর্নীতি করিনি। আমাকে কোনো পয়সা দেওয়া হয়নি।”

তবে আদালত প্রশ্ন তোলেন, সাধারণত নির্বাচন পরিচালনায় কর্মকর্তাদের ২০-২৫ হাজার টাকা ভাতা দেওয়া হলেও ২০২৪ সালের নির্বাচনে তাদেরকে ৪-৫ লাখ টাকা করে দেওয়া হয় কেন? হাবিবুল আউয়াল এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলেন, “যখন রাতের বেলায় ভোট হয়, তখন আমি গভীর নিদ্রায় থাকি।”

রিমান্ড শুনানির সময় বারবার নিজের বক্তব্য উপস্থাপনের চেষ্টা করায় পিপি ওমর ফারুক ফারুকী বিরক্তি প্রকাশ করেন। আউয়াল বলেন, “জাস্টিফাই করার সুযোগ না দিলে একটা জীবনকে মেরে ফেলেন।” তখন পিপি বলেন, “এখানে সাধু সাজার সুযোগ নেই। অন্যরা কী করেছে সেটা বলার আগে আপনি কী করেছেন সেটা বলুন।” তখন পাশ থেকে এক আইনজীবী বলেন, “আপনার জন্য এতগুলো ছেলে-মেয়ে মারা গেছে।” আউয়াল পাল্টা প্রশ্ন করেন, “আমার জন্য এতগুলো ছেলে-মেয়ে মারা গেছে?”

এছাড়া, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা প্রসঙ্গে আউয়াল বলেন, “আমি কথাপ্রসঙ্গে বলেছি, উনি কি ইন্তেকাল করেছেন? কিন্তু কথাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।”

পিপি শুনানিতে আরও দাবি করেন, “২০২৪ সালের নির্বাচনের আগে তিনি (হাবিবুল আউয়াল) শেখ হাসিনাকে বলেন, সমস্যা নেই। আমি আপনাকে বিজয়ী ঘোষণা করে দেব। আর আপনি যে টাকা দেবেন, তা পকেটে ঢুকিয়ে নেব।” এই বক্তব্য রেকর্ডে আছে বলেও জানান তিনি।

শুনানি শেষে বিচারক হাবিবুল আউয়ালের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

an adbox will go here