ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ঢাকায় ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, (২৭ জুন ২০২৫) ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই ইঞ্জিনে সমস্যার মুখে পড়ে এবং নিরাপদে ঢাকায় ফিরে আসে। বিজি-৫৮৪ নম্বর ফ্লাইটটি শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ফের অবতরণ করে।
বিমানটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল এবং এতে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুন এ তথ্য নিশ্চিত করে জানান, “বিমানটি সম্পূর্ণ নিরাপদে অবতরণ করেছে এবং কেউ আহত হননি। সকল যাত্রী ও ক্রু সুস্থ আছেন।”
বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে এবং ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছানোর পর ক্যাপ্টেন ইঞ্জিনে সমস্যা অনুভব করেন। তিনি সতর্কতার সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে বিষয়টি জানিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন। ৮টা ৫৯ মিনিটে বিমানটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এবং ১৪ নম্বর বে-তে পার্ক করা হয়।
প্রাথমিকভাবে বার্ড স্ট্রাইকের সম্ভাবনা বিবেচনায় রানওয়ে পরিদর্শন করা হলেও, পাখি কিংবা অন্য কোনো বস্তু খুঁজে পাওয়া যায়নি। এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, “কারিগরি দল সমস্যাটি পর্যালোচনা করছে। পরবর্তী ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নির্ধারণে তারা সিদ্ধান্ত নেবে।”
এ ঘটনায় যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিলেও কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন একাধিক যাত্রী।