এ মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব: ড. আলী রীয়াজ
দিগন্ত জার্নাল ডেস্ক:
বুধবার, (২ জুলাই ২০২৫) চলতি জুলাই মাসের মধ্যভাগেই সবার ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়ন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
বুধবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপ শুরুতে তিনি এ কথা বলেন। তিনি জানান, প্রতিদিন হয়তো দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না, কিন্তু ক্রমান্বয়ে একটি কার্যকর চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে কমিশন।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ড. আলী রীয়াজ বলেন, “দলীয় অবস্থান সবার আছে, তা সত্য; তবে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনায় আমরা আশাবাদী। দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। এখন প্রয়োজন সামষ্টিক স্বার্থে এগিয়ে আসা।”
তিনি আরও বলেন, “আমরা কেউই আর পুরনো পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। যে অঙ্গীকার নিয়ে গত জুলাইয়ে ঐক্যবদ্ধ হয়েছিলাম, আজ তা মূল্যায়নের সময় এসেছে। শুধু দলীয় স্বার্থ নয়, দেশের বৃহত্তর স্বার্থেও আমাদের অগ্রসর হতে হবে।”
সংলাপের আলোচ্য বিষয়ের কথা জানিয়ে তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল নীতিগতভাবে দ্বিকক্ষীয় সংসদের পক্ষে একমত। উচ্চকক্ষ গঠনে জনপ্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন বণ্টনের প্রস্তাবে বেশিরভাগ দল সম্মতি দিয়েছে। তবে কিছু দল এখনও ভিন্নমত পোষণ করছে।
এদিন সকাল ১১টায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বৈঠক শুরু হয়। এতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
জাতীয় সনদ তৈরির লক্ষ্যে ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম ধাপে মোট ৪৫টি সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়। আজ থেকে দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৯ জুন এক বিবৃতিতে ড. আলী রীয়াজ বলেন, “জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য একটি কার্যকর জাতীয় ঐকমত্য এখন সময়ের দাবি।”