জাতীয় ঐকমত্যে ২০ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ড. আলী রীয়াজ - দিগন্ত জার্নাল

জাতীয় ঐকমত্যে ২০ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ড. আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার, (৩ জুলাই ২০২৫) জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, কমিশনের আলোচনায় থাকা প্রায় ২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। এসব বিষয়ে দলীয় পর্যায়ে আরও আলোচনা ও মতামতের প্রয়োজন রয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত কমিশনের সভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,

“আমরা অনেক বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করলেও পরে আবার তা তুলছি না, কারণ কমিশন সদস্যদের দলীয়ভাবে আলোচনা করে মত দেওয়ার সুযোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য, আজকের দিনটি যেন সফলভাবে শেষ হয়।”

ড. আলী রীয়াজ আরও বলেন,

“আমরা যে কঠিন পরিস্থিতি পেরিয়ে এখানে এসেছি, তা যেন আমাদের প্রেরণা হয়ে কাজ করে। জাতীয় ঐকমত্য একটি বিরল সুযোগ—এ সুযোগ হেলায় হারানো যাবে না। আমরা একমত হতে পারলে সেটি দেশের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।”

বৈঠকে সংবিধান সংস্কার, নির্বাচন পদ্ধতির পরিবর্তন, সংসদের দুই কক্ষ এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বসহ (পিআর পদ্ধতি) নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের এই আলোচনা দেশের আগামী নির্বাচন ও রাজনৈতিক ভবিষ্যতের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

an adbox will go here