১৮ দিন পর খুলছে ঢাকা মেডিকেল কলেজ ও হোস্টেল
নিজস্ব প্রতিবেদক:
বুধবার | ৯ জুলাই ২০২৫ | শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অবশেষে ১৮ দিন পর খুলে দেওয়া হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কলেজের শিক্ষা কার্যক্রম আবার চালু হচ্ছে এবং হোস্টেলও শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ জুলাই শনিবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। এর একদিন আগে, ১১ জুলাই সকাল ৮টা থেকে কলেজের হোস্টেলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
ঢামেকের অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম বুধবার গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চায়। কলেজ ও হোস্টেল বন্ধ থাকায় তাদের পড়ালেখায় চরম ব্যাঘাত ঘটছে। তাই একাডেমিক পরিবেশ স্বাভাবিক করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, নিরাপদ আবাসনের দাবিসহ ৫ দফা দাবিতে চলতি বছরের মে মাস থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করে আসছিলেন ঢামেকের শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে ২১ জুন ক্যাম্পাসে মানববন্ধন করেন তারা।
এই আন্দোলনের মধ্যেই কলেজ কর্তৃপক্ষ ২২ জুন দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দিয়ে ঢামেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এরপর থেকে শিক্ষার্থীরা ক্লাস ও হোস্টেল বর্জন করে আসছিলেন।
শেষ পর্যন্ত সকল পক্ষের বিবেচনায় ঢামেক কর্তৃপক্ষ পুনরায় শিক্ষা কার্যক্রম চালু এবং হোস্টেল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।