সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭ দিনে গ্রেফতার ৩৪৫ জন, বিপুল অস্ত্র উদ্ধার - দিগন্ত জার্নাল

সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭ দিনে গ্রেফতার ৩৪৫ জন, বিপুল অস্ত্র উদ্ধার

দিগন্ত জার্নাল ডেস্ক:

শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান যৌথ অভিযানে গত সাতদিনে মোট ৩৪৫ জন অপরাধী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯,১৩৯ রাউন্ড গোলাবারুদ, ৯টি ককটেল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ।

বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ পুলিশের সঙ্গে সমন্বয়ে এসব অভিযান পরিচালনা করে।

এই অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ডাকাত, বালু উত্তোলনকারী, মাদককারবারি ও মাদকাসক্তসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে আরও উদ্ধার করা হয়—বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, চোরাই মালামাল, মোবাইল ফোন এবং নগদ অর্থ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি বেসামরিক প্রশাসনের সহায়তায় অবৈধ দখল উচ্ছেদ ও বালু উত্তোলন বন্ধে জনকল্যাণমূলক অভিযানে সরাসরি অংশ নিচ্ছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক স্থিতিশীলতা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

an adbox will go here