‘পিএসসি সংস্কার’ দাবিতে চাকরিপ্রত্যাশীদের ১১ দফা, ৪৮ ঘণ্টার আলটিমেটাম
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, ১৩ জুলাই ২০২৫ | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে ১১ দফা দাবি উত্থাপন করেছে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘পিএসসি সংস্কার আন্দোলন’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবিগুলো পেশ করেন।
চাকরিপ্রত্যাশীরা বলেন, গত বছর জুলাইয়ে দেশের বিভিন্ন প্রান্তে যে গণআন্দোলনের সূচনা হয়েছিল, তার অন্যতম প্রধান কারণ ছিল সরকারি চাকরিতে মেধা ও স্বচ্ছতার অভাব। এক বছর পেরিয়ে গেলেও এখনো সেই সংকটের স্থায়ী সমাধান হয়নি। তাই তারা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
চাকরি প্রত্যাশীরা বলেন, “আমরা চাকরি চাই যোগ্যতার ভিত্তিতে। পিএসসিকে নিরপেক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হলে সংস্কার অপরিহার্য। আমরা ১১ দফা দাবি জানিয়েছি। এসব বাস্তবায়ন হলে দেশের তরুণ সমাজের মধ্যে আস্থা ফিরে আসবে।”
চাকরিপ্রত্যাশীদের উত্থাপিত ১১ দফা দাবি:
১. ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল অসঙ্গতিপূর্ণ হওয়ায় তা সংশোধন করে পুনরায় প্রকাশ করতে হবে। ২. ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) যৌক্তিক সময়ে পুনঃনির্ধারণ করতে হবে। চিকিৎসকদের জন্য বয়সসীমা বাড়িয়ে ৩৪ বছর করতে হবে। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ন্যূনতম ৪ মাস সময় দিতে হবে। ৩. ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই বিসিএস বাতিল হবে না—এই নিশ্চয়তা দিতে হবে। ৪. ‘নন ক্যাডার বিধি-২০২৩’ প্রয়োজন সাপেক্ষে সংশোধন কিংবা বাতিল করে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সবার চাকরি নিশ্চিত করতে হবে। ৫. ৪৫তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করতে হবে। পাশাপাশি লিখিত খাতা পুনঃনিরীক্ষার সুযোগ দিতে হবে এবং তা স্থায়ীভাবে চালু রাখতে হবে। ৬. পিএসসির নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। ৭. মৌখিক পরীক্ষার আগে অনলাইনে পুনরায় ক্যাডার পছন্দক্রম দেওয়ার সুযোগ দিতে হবে। ৮. প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর যথাক্রমে প্রাথমিক ও চূড়ান্ত ফলাফলের সময় প্রকাশ করতে হবে। ৯. কোনো প্রার্থী ফৌজদারি মামলা বা রাষ্ট্রদ্রোহিতায় দণ্ডিত না হলে, তার গেজেট প্রকাশে কোনো বাধা দেওয়া যাবে না। ১০. পিএসসিতে সদস্য নিয়োগে স্বচ্ছতা আনতে বিশেষজ্ঞ মহলের পরামর্শে পদক্ষেপ নিতে হবে। ১১. লিখিত খাতা মূল্যায়নের গতি, নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পিএসসির ভেতরেই খাতা দেখার ব্যবস্থা করতে হবে।
আন্দোলনকারীরা সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, “এই সময়ের মধ্যে যদি দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাবো। আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র হবে।”