গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ: তিনজন নিহত, কারফিউ জারি - দিগন্ত জার্নাল

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ: তিনজন নিহত, কারফিউ জারি

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার, ১৬ জুলাই ২০২৫ | গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮) এবং টুঙ্গীপাড়ার সোহেল রানা মোল্লা (৩০)। নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, “বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরে গুলির চিহ্ন ছিল। একই ঘটনায় আরও ৯ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অস্ত্রোপচার চলছে।”

এছাড়াও সংঘর্ষে আহত আরও অনেকেই চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে, তবে তাদের সঠিক সংখ্যা এখনও নির্ধারিত হয়নি।

এই সহিংসতার জেরে সন্ধ্যায় গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সন্ধ্যা ৮টা থেকে পরবর্তী দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ বহাল থাকবে বলে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে সংঘটিত অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারফিউ চলাকালে জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে এবং বিশেষ প্রয়োজনে বাইরে বের হতে হলে যথাযথ অনুমতি নিতে হবে।

এর আগে, গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে চৌরঙ্গী মোড়ে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গাড়িবহরের উপর দুই পাশ থেকে ইট-পাটকেল ও গুলিবর্ষণ করে হামলা চালায়। এই সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবির সদস্যরা মোতায়েন করা হয়।

ঘটনার সময় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সংঘর্ষ এখনও থেমে থেমে চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

an adbox will go here