নিম্নচাপের প্রভাবে বর্ষার ভারি বর্ষণ ও নদীর পানি বাড়ায় বড় বন্যার আশঙ্কা
স্টাফ রিপোর্টার | দিগন্ত জার্নাল |
রোববার, ২৭ জুলাই ২০২৫ | সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। এর ফলে দ্রুত বাড়ছে নদ-নদীর পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে এসব এলাকার নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, উপকূলীয় অঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ু এবং টানা বর্ষণের ফলে নদ-নদীর পানি ক্রমাগত বাড়ছে। ফলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলাগুলোতে নতুন করে বন্যা দেখা দিতে পারে।
তিনি আরও বলেন, “টানা বৃষ্টি, নদীর পানি বৃদ্ধি এবং নিম্নচাপজনিত জলোচ্ছ্বাসের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।”
এর আগে চলতি মাসের ১০ জুলাই ফেনীর একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বহু এলাকা প্লাবিত হয়। শহরের অভ্যন্তরেও পানি ঢুকে পড়ে, যার ফলে চরম দুর্ভোগের মুখে পড়ে স্থানীয় জনজীবন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এবারও অনুরূপ দুর্যোগের আশঙ্কা করছেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তর শনিবার (২৬ জুলাই) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিবেগে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।”
অন্যদিকে, আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশেই বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে। উপকূলীয় ও নদীবন্দর সংলগ্ন এলাকাবাসীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।