গুলশানে এমপির বাসায় চাঁদা দাবির অভিযোগে ৫ জন আটক, ছাত্র আন্দোলনের ৩ নেতা বহিষ্কার
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোববার , ২৭ জুলাই ২০২৫ | রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁ’দা দাবি করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে গুলশান থানা পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা ছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংগঠনটির পক্ষ থেকে ওই তিনজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। শনিবার রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইব্রাহিম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং দেশের সব পর্যায়ের নেতাকর্মীদের এই তিনজনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশ দেন।
গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, শনিবার রাতে গুলশানের ওই বাসা থেকে পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ। পুলিশের পক্ষ থেকে আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধান চলমান রয়েছে বলে জানানো হয়।