নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদের
নিজস্ব প্রতিবেদক:
রোববার, ২৭ জুলাই ২০২৫ | নতুন সংবিধানের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা দেশব্যাপী সংস্কারের দাবিতে নেমেছি। নতুন সংবিধানের জন্য একটি গণপরিষদ নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে।”
রোববার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জুলাই-আগস্টে আমরা ঘোষণা দিয়েছিলাম—একটি নতুন বাংলাদেশ নির্মাণ করা হবে। সেই বাংলাদেশকে পরিচালনার জন্য আমাদের একটি নতুন বন্দোবস্ত দরকার। পুরোনো আইন, পুরোনো সিস্টেমে আর চলা যাবে না। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে শিক্ষা-স্বাস্থ্যসহ সবক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে; রাষ্ট্র হবে ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত ও জনকল্যাণমুখী।”
বিগত শাসকদের বিরুদ্ধে বিচার দাবি করে নাহিদ বলেন, “ঠিক এক বছর আগে, জুলাই মাসে জীবন দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে। এখন তাঁর এবং আওয়ামী লীগের যেসব নেতা গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”
নেত্রকোনার স্থানীয় সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “এখানে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বেহাল দশা রয়েছে। কর্মসংস্থানের চরম অভাব। আমরা জাতীয় নাগরিক পার্টি এসব সমস্যার সমাধান করতে চাই এবং মানুষের মৌলিক অধিকারের বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।”