আবু সাঈদ হত্যা: বেরোবি'র ৫৬ শিক্ষার্থী বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা - দিগন্ত জার্নাল

আবু সাঈদ হত্যা: বেরোবি’র ৫৬ শিক্ষার্থী বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

দিগন্ত জার্নাল ডেস্ক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের
(বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত ৫৬ শিক্ষার্থীকে এক বা দুই সেমিস্টার করে বহিষ্কারসহ ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী, ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ৩৩ জনকে ২য় সেমিস্টার ড্রপ ও ২৩ জনকে ১ সেমিস্টার ড্রপ করার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

এছাড়া, বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় অভিযুক্ত বেশিরভাগ শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। হামলায় জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব না পাওয়ায়, আগামী সিন্ডিকেট সভায় তাদের পূর্ণাঙ্গ বহিষ্কারের বিষয়টি উঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী বলেন, ২০১৮ সালে প্রণীত বিধিমালা অনুযায়ী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্তদের বিষয়ে সিন্ডিকেট সদস্যরা ভিসির সিদ্ধান্ত সমর্থন করেছেন।

এছাড়াও, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ছাত্র সংসদ নির্বাচনের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অভ্যন্তরীণ নির্বাচন অনুষ্ঠিত হবে না।

an adbox will go here