জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শুরু - দিগন্ত জার্নাল

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শুরু

জুলাই অভ্যুত্থান, ৩৬ জুলাই উদযাপন, মানিক মিয়া অ্যাভিনিউ, জুলাই ঘোষণাপত্র, অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জুলাই দিবস ২০২৫, ফ্যাসিস্ট পলায়ন, আর্টসেল গান, ড্রোন ড্রামা বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫ | রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) শুরু হয়েছে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয় দুপুর সোয়া ১২টার দিকে।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ অংশ নিয়েছেন। দর্শনার্থীরা স্লোগানে স্লোগানে মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার এবং বর্তমান সংবিধান বাতিলের দাবি জানান।

দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

সকালে র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান, বর্ষপূর্তির প্রতিটি অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে র‍্যাব সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। আজকের অনুষ্ঠানেও র‍্যাবের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

অনুষ্ঠানে গান পরিবেশন করছেন বিভিন্ন শিল্পীগোষ্ঠী। বেলা ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্ট পলায়নের ক্ষণ’ উদ্‌যাপন করা হয়। এরপর একে একে ব্যান্ড সংগীত পরিবেশন, ড্রোন ড্রামা ও রাত ৮টায় আর্টসেলের পরিবেশনায় দিনব্যাপী অনুষ্ঠানটি শেষ হবে।

এই উদ্‌যাপনের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। উপস্থিত দর্শনার্থীরা জানান, এক বছর আগের ঐতিহাসিক বিজয় তাদের আত্মত্যাগের স্মারক হয়ে আছে এবং আগামীদিনের প্রেরণাও বটে।

an adbox will go here