ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না, এদেশ সবার: সেনাপ্রধান - দিগন্ত জার্নাল

ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না, এদেশ সবার: সেনাপ্রধান

• জন্মাষ্টমী উৎসব ২০২৫ ঢাকা • সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বক্তব্য • এদেশ সবার ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই • বাংলাদেশ সেনাবাহিনী প্রধান সংবাদ • হিন্দু সম্প্রদায় জন্মাষ্টমী শোভাযাত্রা • নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান • বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান • ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

শনিবার, ১৬ আগস্ট ২০২৫ | বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এদেশে কোনো ধর্ম, জাতি, বর্ণ বা গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না। এদেশ সবার, এখানে সব নাগরিকের সমান অধিকার রয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর উৎসব ও কেন্দ্রীয় মিছিলে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। উৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির।

জন্মাষ্টমীর শোভাযাত্রায় সেনাপ্রধানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।

সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, “এই দেশে শত শত বছর ধরে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান, পাহাড়ি-বাঙালি সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করে আসছে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি বজায় রাখা। এদেশ সবার, আমরা সবাই সুন্দরভাবে শান্তিতে বসবাস করব।” তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন, ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে পালন করবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব।”

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি শান্তি, সম্প্রীতি ও মানবতার উদাত্ত আহ্বান। শ্রীকৃষ্ণের জীবনাদর্শ অন্যায়ের বিরুদ্ধে সাহসী হওয়ার পাশাপাশি সাম্য, ভ্রাতৃত্ব ও সহনশীলতা প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, “সত্যের পথে অটল থাকতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ছোটবেলা থেকেই আমরা সম্প্রীতির মধ্যে বড় হয়েছি, যেখানে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ ছিল না।” তিনি জানান, পুরান ঢাকার জয়কালী মন্দির ও লক্ষ্মীবাজার এলাকায় তার বেড়ে ওঠা, যেখানে হিন্দু ও খ্রিষ্টান বন্ধুদের সঙ্গে সম্প্রীতির সম্পর্ক গড়ে উঠেছিল।

তিনি আরও বলেন, শান্তি ও উন্নতির জন্য ঐক্য অপরিহার্য।

an adbox will go here