টেবিল চাপড়ে ঢাবি উপাচার্যকে ধমক দিলেন ছাত্রদল সভাপতি গণেশ - দিগন্ত জার্নাল

টেবিল চাপড়ে ঢাবি উপাচার্যকে ধমক দিলেন ছাত্রদল সভাপতি গণেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু নির্বাচন, ছাত্রদল সভাপতি গণেশ, উপাচার্য নিয়াজ আহমেদ খান, টেবিল চাপড়ে ধমক

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ | ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। মঙ্গলবার বিকেলে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বিএনপিপন্থি শিক্ষকদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।

সাক্ষাতের সময় ক্ষুব্ধ ভঙ্গিতে গণেশ চন্দ্র রায় সাহস বিভিন্ন বিষয়ে উপাচার্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং কঠোর ভাষায় সমালোচনা করেন। এ সময় তিনি বলেন, “আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসল, বাসগুলো কম আসল; আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন?”—এমন মন্তব্য করার পর তিনি টেবিল চাপড়ে উপাচার্যকে ধমক দেন।

পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গণেশকে নিবৃত করেন। অন্যদিকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ক্ষুব্ধ হয়ে গণেশকে উদ্দেশ্য করে বলেন, “আপনি চুপচাপ বসে যান।”

ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষক ও পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ আরও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

an adbox will go here