যমুনা-সচিবালয়সহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ - দিগন্ত জার্নাল

যমুনা-সচিবালয়সহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

ডিএমপি, সভা সমাবেশ নিষেধ, যমুনা, বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গণবিজ্ঞপ্তি, ঢাকা সংবাদ

নিজস্ব প্রতিবেদক:

সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ | বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন বা শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

“জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

যে এলাকাগুলোতে নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞা কার্যকর থাকবে নিম্নোক্ত এলাকাজুড়ে— বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং থেকে মিন্টু রোড ক্রসিং পর্যন্ত এলাকা।

ডিএমপি নির্দেশনায় বলা হয়: “উল্লেখিত এলাকাগুলোতে কোনো ব্যক্তি বা সংগঠন সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা আয়োজন বা অংশগ্রহণ করতে পারবেন না।”

জনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

an adbox will go here